এই মাস থেকে কেতাব-ই ব্লগজিনে শুরু হল ‘জেলার সাহিত্য’ নামের এক বিশেষ আয়োজন। যার মূল উদ্দেশ্য পাঠককে বিভিন্ন জেলার নতুন ও পুরনো লেখকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং বিভিন্ন জেলার ভিন্ন স্বরকে একত্রিত করে বর্তমান বাংলা সাহিত্যের সামগ্রিক রূপনির্মাণ। আমাদের প্রথম নির্বাচিত জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এবং কোচবিহার। গোটা এপ্রিল মাস জুড়ে আমরা প্রকাশ করব এই পাঁচ জেলার সাহিত্য। আজ প্রকাশিত হল জলপাইগুড়ি জেলার কবি অমিত দে-এর কবিতা।
রোদকাব্য
যদি সব কিছু মুছে দিতে পারো
দৃঢ় চোখে, ভেতরে ভাঙন নিয়ে
নাহ্, মেঘ-শহরে কোনো রাগিনী নামবে না
তিস্তার জল কপট হয়ে উপচে পড়বে না করলার কাছে
সুদূরের পরিযায়ী খুঁটে খুঁটে জাগাবে
বালিতে ঢাকা কিছু নরম মানুষের ভালো থাকতে চাওয়ার রোদকাব্য
রাতের থেকে দূরত্ব রেখে ফতুর হতে চাইবে কেউ পুনরায়
পুরোনো কথারা এত ভারী হয়ে উঠবে যে
অকালে বৈশাখে ঝড়-জলে ভিজতে চাইবে চৌচির আকাশ…
কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’।
মানচিত্র
অভাগার মতো একটুকরো দেশ নিয়ে
রাত জেগে থাকি
কত আয়ু লীনতাপ রেখে উবে গেছে
মুছে গেছে আমার ভূমিজ আলিঙ্গন,
দেহের ভেতর শৈশবের নোনাস্বাদ খুঁজি
পুরোনো ভিটের মতো মুছে গেছে আত্মজন
দেওয়াল লিখনে কেউ লিখেছিল অর্ধেক
আঁচড়ে রেখে যাওয়া স্বাধীনতা
মায়ের রক্তস্রাবে জন্মরেখা এঁকেছে এই ঘরবাড়ি
বাবার সাদা ও ক্ষয়াটে চোখে
আজও দৃঢ় দাঁড়িয়ে আছে কাঁটাতার,
রান্নাঘরের ধোঁয়া আর ছাইয়ের ভেতর
আলো দিয়ে এমন উজ্জ্বল মানচিত্র আঁকি।
কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন।
এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।