এই মাস থেকে কেতাব-ই ব্লগজিনে শুরু হল ‘জেলার সাহিত্য’ নামের এক বিশেষ আয়োজন। যার মূল উদ্দেশ্য পাঠককে বিভিন্ন জেলার নতুন ও পুরনো লেখকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং বিভিন্ন জেলার ভিন্ন স্বরকে একত্রিত করে বর্তমান বাংলা সাহিত্যের সামগ্রিক রূপনির্মাণ। আমাদের প্রথম নির্বাচিত জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এবং কোচবিহার। গোটা এপ্রিল মাস জুড়ে আমরা প্রকাশ করব এই পাঁচ জেলার সাহিত্য। আজ প্রকাশিত হল কোচবিহার জেলার কবি ব্রততী দাস-এর কবিতা।
অদ্বৈতবাদ
অজানা মানুষের ঢেউয়ে ভেসে চলা
এক মগ্ন চৈতন্য,
জীবন রহস্যের মাঝে জন্ম নেয় আরেক রহস্য;
অবোধ্য কথারা হারিয়ে যায়
উজ্জ্বল শব্দের মাঝে।
সফেন উপত্যকা জুড়ে মৌন হ্যান্ডশ্যাডোগ্রাফি।
ছায়ার রং এখানে ঈষৎ নীল,
দিগন্ত রেখার ওপর ভেসে ওঠে
অলঙ্ঘনীয় অদ্বৈতবাদ।
কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’।
বোবা কথা
মুগ্ধতার মৃত্যু হলে
প্রেম নিভে আসে;
ভালোবাসা চিরায়ত, শাশ্বত-সুন্দর
যেখানে আছে প্রশ্ন, খোঁজ আর অপেক্ষা,
শব্দহীন ব্যথারা জন্ম দেয় বোবা কথার।
তুষার গোধূলি নামে আমার শরীর বেয়ে,
আর আমি পুড়তে থাকি তোমার নিশ্বাসে…
জন্মদাগ
যুদ্ধ আর মৃত্যু পরিপূরক।
তবে এক-একটা যুদ্ধ জন্ম দেয়
হাজার হাজার যুদ্ধশিশুর।
জন্ম হয় এক নামহীন, সম্পর্কহীন জীবনের
মৃত্যু উপত্যকা জুড়ে ছড়িয়ে থাকা
নির্যাতনের চিহ্ন যাদের জন্মদাগ।
কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন।
এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।