preloader
বাংলা বইয়ের e-ভুবন
Menu Categories Search Cart 0
Menu
Cart

Total 0 Items

☹ Your cart is empty

Sub Total:

$0

₹0

বিভাগ
ধারাপাত
কবিতা

ধারাপাত

সোমেন মুখোপাধ্যায়ের কবিতায় গ্রামবাংলার গন্ধ, রং ও জীবনের সহজ গভীরতা মিশে যায়। নিত্যদিনের দৃশ্য এখানে হয়ে ওঠে স্মৃতি, অনুভব ও অস্তিত্বের মৃদু আলোকচ্ছটা—যেখানে ভাত-ডালের গন্ধেও জেগে থাকে জীবন, মাটি ও মানুষের অন্তরঙ্গ ইতিহাস। ‘জেলার সাহিত্য’ প্রকল্পে এই মাসের নির্বাচিত জেলাগুলি হল বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া। আজ প্রকাশিত হল পুরুলিয়ার শক্তিশালী কবি সোমেন মুখোপাধ্যায়ের কবিতা।

হলুদ
হলুদ যে কতরকম হতে পারে
গাঁদাফুল জানে।
আজকাল লাল, নীল গাঁদা হয়
সাদাও নাকি করা যায়।
যে রঙেই ডোবাও না কেন
গাঁদার আছে হলদে অহংকার!
হিম কুড়ানো-ঘুম পাড়ানো ভোরবেলা
তার সকাল হতে এখনো বাকি।

গাঁদার হলুদ হল মঙ্গলদীপ
শীত তার আলোর প্রকাশ,
অথচ ভাতে ডাল মাখলে
গাঁদার রং মনেই পড়ে না।

কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’

উনুন
গৃহস্থের আঁশবঁটিতে পেঁয়াজের ঝাঁজ
খামারবাড়িতে ডাক দিচ্ছে পুয়ালছাতি।
এইসব দেহাতি গল্পগাছায়
আদিকালের এক উনুন জেগে থাকে,
যার ক্ষুধায় গ্রামথানের বলি হওয়া ছাগলের
কানপুড়া খাওয়া চলে।
রসনা নিবারণকারী এইসব উনুনে
লোকায়ত যাপন ভুরভুর সেদ্ধ হতে থাকে।

ধারাপাত
লম্ফের আলোয় উলম্ফন দেখাচ্ছে পোকাটি
সে জানে না আগুন আবিস্কারের কথা।
ধারাপাত পড়া বালক আমি
ডুবে থাকি পতঙ্গ মশকরায়।
হেঁশেলে ডাল সাঁতলানোর গন্ধ ওঠে
পড়া ছাড়বার খিদে পায়।

আমি ভাতের সাথে ডাল মাখি,
তার আগে আগুন মেখেছে গায়ে
পড়ালেখার বালক পোকাটি।


কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন


এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।

লেখক

জন্ম ১৯৭৬ সালে পুরুলিয়ার কোলডি গ্রামে। কলাবিভাগে স্নাতক। পেশায় গ্রন্থাগারিক। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: খুঁটে বাঁধা ষোলআনা, কাঁঠালপাতা বন্ধুপাতা, গোড়ালি রঙের রোদ, দেখা হল সহজপাঠে, ডুব। সম্পাদিত পত্রিকা: বৈতালিক, দুধিলতা। পেয়েছেন জিরাফ সম্বর্ধনা, সাহিত্য মন্দির পুরস্কার, সোনাঝুরি সাহিত্য সম্মান। শখ লোকগান ও সঞ্চালনা।

অন্যান্য লেখা