preloader
বাংলা বইয়ের e-ভুবন
Menu Categories Search Cart 0
Menu
Cart

Total 0 Items

☹ Your cart is empty

Sub Total:

$0

₹0

বিভাগ
দড়ি কিংবা নাভিরজ্জু
কবিতা

দড়ি কিংবা নাভিরজ্জু

এই মাস থেকে কেতাব-ই ব্লগজিনে শুরু হল ‘জেলার সাহিত‍্য’ নামের এক বিশেষ আয়োজন। যার মূল উদ্দেশ্য পাঠককে বিভিন্ন জেলার নতুন ও পুরনো লেখকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং বিভিন্ন জেলার ভিন্ন স্বরকে একত্রিত করে বর্তমান বাংলা সাহিত্যের সামগ্রিক রূপনির্মাণ। আমাদের প্রথম নির্বাচিত জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এবং কোচবিহার। গোটা এপ্রিল মাস জুড়ে আমরা প্রকাশ করব এই পাঁচ জেলার সাহিত্য। আজ প্রকাশিত হল কোচবিহারের কবি নীলাদ্রি দেবের-এর কবিতা।

১.
মাটি থেকে উঠে আসা সমস্ত শরীরে
নড়ে ওঠে ভিন্ন আত্মারা
ব্যতিক্রমের বিপরীত,
এই সাদা-কালো খোপ খোপ থান
বাকিটা প্রাচীন, গাছেদের বৃক্ষ হয়ে ওঠা
যে মাঠেই জল দিই, মাটি ভেজে বৃহত্তর
গানের আঁতুর জানে জন্ম ব্যাকরণ
ফল গড়িয়ে যায়, বীজ
পরম্পরা

২.
গভীর থেকে জনশূন্য পেরিয়ে প্রান্তর
একা দীর্ঘ শরীরে একক প্রাণ
দিগন্ত ও দিগন্তের মাঝে যতটা আয়ত
কেউ তার মায়ায় আটকে আছে
দুর্ঘটনা বন্ধ হলে পাখি উড়ে যাবে
অথচ শিকার ও শিকারি,
অনন্তের আপাত সংঘাত

কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’

৩.
চারণভূমিতে যুদ্ধের ক্ষয়রোগ লাগে
সজনের গাছে লাল ফড়িং-এর দেহ
মাকড়সার জালে, যন্ত্রণায়
ডানার চিরহরিৎ ধীরে খাচ্ছে আজ পরিমাণ
যতটা একক আন্তর্জাতিক হতে পারত
অথচ অস্বীকারের সূত্রে
শত্রুর বেশে থাকা নিজেই নিশান
এবং নিশানা
যেদিন যুদ্ধ থেমে যাবে, অক্ষত চারণের দাগ

৪.
যতটা যাযাবর লেগে আছে, খোঁজ
পেরিয়ে আসতে থাকি উপত্যকা
ঢিবি থেকে দেখার প্রশস্ত উত্তরে টানে
নিজস্ব ঘাতক চেনে অবিশ্বাস, ভয় ও ভক্তি
গড়িয়ে যাওয়ার ডিম ভেঙে পাখি
উড়ে যায়, কাছে এসে বসে
প্রত্ন চোখে চিনি
বাকি সব ছেদ, যতি; সম্ভাবনার বশ


কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন


এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।

লেখক

নীলাদ্রি দেব। জন্ম ১৪ এপ্রিল, ১৯৯৫ পশ্চিমবঙ্গের কোচবিহারে। শারীরবিদ্যায় স্নাতক এবং পরিবেশবিদ্যায় স্নাতকোত্তর নীলাদ্রির বেশ কিছু বাংলা কাব্যগ্রন্থ রয়েছে, যার মধ্যে অন্যতম “নীলাদ্রি দেবের কবিতা” (পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি), “জেব্রাক্রসিং ও দ্বিতীয় জন্মের কবিতা” (দি সী বুক এজেন্সি) [সাহিত্য আকাদেমি যুব পুরস্কারের জন্য শর্টলিস্টেড, ২০২৩], “আদৌ” (শহরতলি), শ্রমণ ও কীর্তন (শহরতলি)। নীলাদ্রি “ইন্দ্রায়ুধ” এবং “বিরক্তিকর” সম্পাদনা করেন।

অন্যান্য লেখা