এই মাস থেকে কেতাব-ই ব্লগজিনে শুরু হল ‘জেলার সাহিত্য’ নামের এক বিশেষ আয়োজন। যার মূল উদ্দেশ্য পাঠককে বিভিন্ন জেলার নতুন ও পুরনো লেখকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং বিভিন্ন জেলার ভিন্ন স্বরকে একত্রিত করে বর্তমান বাংলা সাহিত্যের সামগ্রিক রূপনির্মাণ। আমাদের প্রথম নির্বাচিত জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এবং কোচবিহার। গোটা এপ্রিল মাস জুড়ে আমরা প্রকাশ করব এই পাঁচ জেলার সাহিত্য। আজ প্রকাশিত হল জলপাইগুড়ি জেলার কবি নবনীতা সরকার-এর কবিতা।
অভিমান
কোনো এক ঐশ্বরিক মুহূর্তে
দু-হাতে ঠেলে দেই বারুদের স্তুপ
দু-হাতে সরিয়ে দেই অন্ধকার,
অপমান, অবহেলা
আর?
আর একটা চৈত্র দুপুর
এটুকু সাহস আয়ত্ত করতে
পেরিয়ে এলাম একটা যুগ
এখনও আমার রক্তের নীল স্রোতে
ভেসে যায় অবেলার গান
কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’।
ঘর
নিকোনো উঠোন পেরিয়ে
মুলি বাঁশের বেড়ার ভেতর,
চারটি প্রাণীর বাসকে ঘর ভেবেছিল মা।
মা নেই আজ বহুদিন হল
এখন ওই ঘর ফুঁড়ে বেরিয়ে আসে
উইয়ের ঢিবি আর এক শ্মশান-নিস্তব্ধতা
উঠোনে গড়াগড়ি খায় আমাদের বিলাবল শৈশব
মনে পড়ে মা খোলা চুলে দাঁড়িয়ে
গায়ে রোদ সেঁকত আর
ক্লান্ত চোখ ছুঁয়ে থাকত ছইয়ের ছাউনি
এখন আমার চার কামরার ফ্ল্যাটবাড়িতে
উঠোনের শখ মেটায়
আমার সঞ্চয়ের একফালি বারান্দা ...
আমার ঝাঁ-চকচকে ড্রয়িং রুমের
নিস্প্রাণ দেওয়ালে টাঙানো আছে
ঘরের প্রকৃত সংজ্ঞা...
কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন।
এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।