preloader
বাংলা বইয়ের e-ভুবন
Menu Categories Search Cart 0
Menu
Cart

Total 0 Items

☹ Your cart is empty

Sub Total:

$0

₹0

বিভাগ
শোকপর্ব
কবিতা

শোকপর্ব

ঠাকুমার প্রয়াণকে কেন্দ্র করে কৃষ্ণ মণ্ডলের এই কবিতাগুচ্ছ শোক, স্মৃতি ও জীবনের অনিবার্য বিদায়কে গভীর মমতায় ধারণ করে। ব্যক্তিগত বেদনা এখানে হয়ে ওঠে সর্বজনীন মানবিক অনুভব—নীরব, আলোকিত ও অন্তরস্পর্শী। ‘জেলার সাহিত্য’ প্রকল্পে এই মাসের নির্বাচিত জেলাগুলি হল বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া। আজ প্রকাশিত হল পুরুলিয়ার শক্তিশালী কবি কৃষ্ণ মণ্ডলের কবিতা।


ফুলের শোক তোমার মরদেহ জুড়ে
পায়ের পাতায় শেষ ক-দিনের ধুলো
তোমাকে ফিরিয়ে নিতে এসেছে ওরা
ওদের হাতে মরদেহ ধরবার আলো ও অন্ধকার
তুমি চলে যাচ্ছ
ঘরময় তোমার চোখের জল
উঠোনময় তোমার যেতে-না-চাওয়া


তোমাকে ঘিরেই শব্দদের আনাগোনা
শোকার্ত সব বাসনকোশন
বন্ধ রান্নাবান্না
নৈঃশব্দ্যে খুলে বসি
তোমাকে দিতে না-পারা সময়—
সময়ের ভাঁজে ভাঁজে তোমার অভিমান
ছিন্নভিন্ন চোখের জল…


হাওয়াকে এভাবে আসতে হয়!
উড়িয়ে নিয়ে যেতে হয়
তোমার চিতার আগুন!
ঘাড়ে মাটির হাঁড়ি নিয়ে
ওরা কারা বয়ে আনছে
চিতা নেভানোর জল?
শোক সইতে না-পারা মন? মনেরা?

কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’


কিছু রেখো না
বিলিয়ে দাও সমগ্র মন ও মনের তলানি—
এই তোমার জীবনধর্ম। ছিল।
সেও নিয়ে যাচ্ছ সঙ্গে
তাই তোমার মরদেহে এত ভার
বইতে কষ্ট হচ্ছিল,
বাহকেরা বারবার বদল করছিল কাঁধ।


সহজেই বিলোতে পেরেছ চাল ডাল ও মধু
সহজেই বস্তুকে ফিরিয়ে দিয়েছ
বস্তুর ঘরে
তাই এত আলো
তোমার মরদেহ পেরোবার রাস্তায়
তাই আলোর প্রতিটি রশ্মিতে
বিচ্ছুরিত তোমার জীবনধর্ম।


যে-আলো ফোটেনি এখনও
তার কাছে কাঁদি
বলি—ফিরিয়ে দাও
মৃত মায়ের কোলে
ফিরিয়ে দাও মৃত সন্তানের দেহ
এভাবেই শেষ হোক
শোক ও স্মৃতির শেষ অধ্যায়।


কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন


এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।

লেখক

জন্ম: ১৯৮৬ গ্রাম: পিড়রগড়্যা, মানবাজার, পুরুলিয়া। লেখালেখি শুরু ২০০৬। প্রকাশিত কবিতার বই: কথার সন্তান (২০১৩), আস্তাবল কিংবা সমুদ্রের খোঁজে (২০১৭), সুতোরা পশু আঁকে (২০২১), ফুলের ভেতরে কাঁদে মধু (২০২৩), বাতাসে ভাঙো তুমি (২০২৪)। ফুলের ভেতরে কাঁদে মধু বইটি আদিবর্ণ থেকে প্রকাশিত। বাকি সব কটি বই নাটমন্দির থেকে প্রকাশিত। ২০২৪ সালে একমাত্র উপন্যাস ‘শেষচিহ্ন’ সংবর্তক পত্রিকায় প্রকাশ পেয়েছে। বিভিন্ন পত্রপত্রিকায় গদ্য ও ছোটো গল্প প্রকাশিত। আড়ালপ্রিয়। প্রচারে অনীহা। প্রিয় শব্দ নীরবতা।

অন্যান্য লেখা