preloader
বাংলা বইয়ের e-ভুবন
Menu Categories Search Cart 0
Menu
Cart

Total 0 Items

☹ Your cart is empty

Sub Total:

$0

₹0

বিভাগ
শ্রেয়সীর কবিতা
কবিতা

শ্রেয়সীর কবিতা

এই মাস থেকে কেতাব-ই ব্লগজিনে শুরু হল ‘জেলার সাহিত‍্য’ নামের এক বিশেষ আয়োজন। যার মূল উদ্দেশ্য পাঠককে বিভিন্ন জেলার নতুন ও পুরনো লেখকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং বিভিন্ন জেলার ভিন্ন স্বরকে একত্রিত করে বর্তমান বাংলা সাহিত্যের সামগ্রিক রূপনির্মাণ। আমাদের প্রথম নির্বাচিত জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এবং কোচবিহার। গোটা এপ্রিল মাস জুড়ে আমরা প্রকাশ করব এই পাঁচ জেলার সাহিত্য। আজ প্রকাশিত হল কোচবিহার জেলার কবি শ্রেয়সী সরকার-এর কবিতা।

চাঁদ
এই খোলা আকাশ আমার জন্য যথেষ্ট নয়,
যথেষ্ট নয় একাকী তারার আলো,
তারাদের কোনো বিচ্ছেদ নেই।
তাদের ভিতর নদী নেই,
বর্ষা নেই,
আমি ভালোবাসা নিয়ে বেড়াতে গেলে
শুধু চাঁদ খুঁজব
যেখানে নিশ্বাসের মধ্যে মিলিয়ে যাবে রাধার কলঙ্ক।

কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’

সোলমেট
হ্যারিকেনের ভিতর দোয়েলের মৃত পাখায় যৌবনের আগুন—
আমন ধানের ফুলে লুকিয়ে আছে এক নিবিড় যাপন
যা চেতন থেকে অবচেতন প্রেম
অন্তর্মুখী লীনতাপে ধুয়ে যাচ্ছে যাবতীয়
স্মৃতিনষ্ট শূন্যতা।
যেখানে ময়ূরের চোখের কাজল
গল্প ভিডিয়ো হচ্ছে জঙ্গলে
পৃথিবী লাল চাপাফুলের আভায়
ক্রমশ এগোতে—
পিপড়ের পায়ে হেঁটে যাচ্ছে কাব্য,
যা এলোমেলো তার পাতায় হৃদয় ও রেলপথ,
ঠিকানা ভুলে গেলেও হাত ধরে কোথাও পৌঁছে দিচ্ছে সোলমেট।

বিস্মৃত বিলাপ
মায়ের মৃত্যু হয় আমার ভিতর
যখন শ্মশানে চিতার ধোঁয়ায়
জমাট বেঁধে যায় চোখের বায়ুমণ্ডল।
কান্না ভুলে অরণ্যে প্রবেশ করি -
চিৎকার করে গেলেও মা আর ফিরে আসে না।
আমরা ভাষা ভুলতে শুরু করি বিলাপের,
অভিযোজিত হিংস্র জানোয়ারের প্ররোচনায়,
পূর্বপুরুষের কাছে ভিক্ষা করি
তৃষ্ণার জল।
কথা বলো মা, আমি মা ডাকতে ভুলে গেছি।


কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন


এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।

লেখক

কবি শ্রেয়সী সরকার-এর জন্ম ২০০০ সালের ৬ ই জুন। কোচবিহার শহরের গুঞ্জবাড়ি এলাকায় নিবাস। বর্তমান ঠিকানা বিবেকানন্দ স্ট্রিট ভারতী সংঘ ক্লাব। বাবার নাম দিলীপ চন্দ্র সরকার ও মায়ের নাম নূপুর সরকার ভদ্র। শিক্ষাগত যোগ্যতা ডবল M.A এবং বিএড। লেখালেখির পাশপাশি যুক্ত ছবি অঙ্কনের সাথে(পটচিত্র)। ছোটো থেকেই লেখালেখি বিশেষ অনুপ্রেরণা। ক্লাস সিক্সে পড়াকালীন ছড়া লেখার মাধ্যমে লেখালেখির সূচনা। যা প্রকাশিত হয় উত্তরবঙ্গ সংবাদের ইচ্ছেডানা বিভাগে। পরবর্তী সময় থেকে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি চলছে। ‘জীবন মনের কবিতা’, ‘দোলনচাঁপা হার্বরিয়াম কিংবা উপকথার মায়াজাল’ নামক দুটি একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

অন্যান্য লেখা