preloader
বাংলা বইয়ের e-ভুবন
Menu Categories Search Cart 0
Menu
Cart

Total 0 Items

☹ Your cart is empty

Sub Total:

$0

₹0

বিভাগ
ডুয়ার্স উৎসব: প্রকৃতির বুকে সংস্কৃতির মেলবন্ধন
প্রবন্ধ

ডুয়ার্স উৎসব: প্রকৃতির বুকে সংস্কৃতির মেলবন্ধন

ডুয়ার্স উৎসব শুধু মেলা নয়—প্রকৃতি, চা-বাগান আর জনজাতির সংস্কৃতির এক জীবন্ত মেলবন্ধন। স্থানীয় ঐতিহ্য থেকে বিশ্বমঞ্চে পৌঁছনোর গল্প, মানুষের আবেগ, অর্থনীতি ও পর্যটনের রঙিন উৎসবের অন্তরঙ্গ চিত্র উঠে আসে এই লেখায়। কেতাব-ই ব্লগজিনে ‘জেলার সাহিত‍্য’ বিভাগে আজ প্রকাশিত হল আলিপুরদুয়ার জেলার প্রবন্ধকার বিশ্বজিৎ দত্ত-এর প্রবন্ধ।

ডুয়ার্স উৎসব উত্তরবঙ্গের একটি অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক ও পর্যটন উৎসব, যা সাধারণত প্রতি বছর ডিসেম্বর-জানুয়ারি মাসে আলিপুরদুয়ার জেলায় আয়োজিত হয়। এই উৎসব ডুয়ার্সের চা-বাগান, প্রকৃতি, এবং বিভিন্ন উপজাতির লোকশিল্প ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার পাশাপাশি পর্যটন শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চল তার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান এবং বন্য প্রাণীর জন্য বিখ্যাত। এই অঞ্চলের অনন্য সংস্কৃতি ও ঐতিহ্যকে উদ্‌যাপন করতে প্রতি বছর আয়োজিত হয় ‘বিশ্ব ডুয়ার্স উৎসব’। এটি শুধুমাত্র একটি মেলা নয়, বরং স্থানীয় মানুষের মিলনক্ষেত্র।

ডুয়ার্স উৎসব (বর্তমানে বিশ্ব ডুয়ার্স উৎসব) মূলত আলিপুরদুয়ার পর্যটন, স্থানীয় শিল্প এবং সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে প্রায় ২০ বছর আগে ২০০৫-২০০৬ সালে শুরু হয়েছিল। এটি আলিপুরদুয়ার জেলায় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। উৎসবটিতে ডুয়ার্সের কৃষ্টি ঐতিহ্য, পাহাড়ি খাবার এবং বিভিন্ন আদিবাসী নৃত্য পরিবেশিত হয়, যা উত্তরবঙ্গের অন্যতম প্রধান সংস্কৃতি।

ডুয়ার্স উৎসবের সেকাল ছিল মূলত অরণ্য নির্ভর জনজাতি ও চা-বাগানের শ্রমিকদের স্থানীয় সংস্কৃতির মেলবন্ধন, যা এখন ‘বিশ্ব ডুয়ার্স উৎসব’ রূপে রূপান্তরিত হয়ে আধুনিক শিল্পকলা, অন্তর্জাতিক প্রতিনিধি এবং বড়ো মাপের বাণিজ্যিক ও সাংস্কৃতিক মিলন মেলায় পরিণত হয়েছে। আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই উৎসব স্থানীয় ঐতিহ্যের সাথে বিশ্বায়ন ও আধুনিকতার মেলবন্ধন ঘটিয়েছে, যেখানে প্রতি বছর হাজারও পর্যটক সমাগম হয়।

ডুয়ার্স উৎসবের সেকালে আদিবাসী নাচ, গান ও নিজস্ব সংস্কৃতির প্রদর্শনী ছিল মূল আকর্ষণ। উৎসবটির পরিসর স্থানীয় স্তরেই সীমাবদ্ধ ছিল। এত জাঁকজমক না থাকলেও অরণ্যনির্ভর জনজাতি ও চা শ্রমিকদের জীবনযাত্রার প্রতিফলন ঘটে। অতীতের সুন্দর ও মনোরম পরিবেশ, প্রকৃতির বুকে শীতের আমেজ, স্থানীয় জনগণের অংশগ্রহণ, কৃষ্টি, অভিজাত্য ইত্যাদি ফুটে উঠেছে। শুরুতে এই উৎসব আলিপুরদুয়ার এবং পার্শ্ববর্তী এলাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এক সুন্দর নিটোল পারিপাটি সংস্কৃতির ছোঁয়া প্রত্যেক আলিপুরদুয়ারবাসীর কাছে গৌরবের বিষয়।

একটি ছোট্ট গাছ যেমন উপযুক্ত জল, হাওয়া, উত্তাপের মাধ্যমে একদিন বৃহৎ মহীরুহে পরিণত হয়, তেমনি আজকের ডুয়ার্স উৎসব ধাপে ধাপে বিশ্ব সংস্কৃতির দরবারে পৌঁছে গিয়ে বিশ্ব ডুয়ার্স উৎসবে পরিণত হয়েছে। এখন এই উৎসবের পরিসর যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি বিভিন্ন জনজাতির মানুষদের সক্রিয় অংশগ্রহণ উৎসবের পরিবেশকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া আলিপুরদুয়ারে ২০তম বিশ্ব ডুয়ার্স উৎসবে অন্যবারের থেকে এবারে বেশি স্টল রয়েছে। এ ছাড়া ১০-১২ লক্ষ মানুষের সমাগমে উৎসব বর্ণময় রূপে আত্মপ্রকাশ করেছে। এবারের ডুয়ার্স উৎসবের মূল আকর্ষণ ছিল জলপরীর প্রদর্শনী। স্থানীয় শিল্পীদের পাশাপাশি মুম্বাই-কলকাতার জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণ, প্রায় ৫০০০ শিশুশিল্পী ও ২৫০০ লোকশিল্পী অংশ নেন। উৎসবের জমজমাট ভিড়ে হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধারের জন্য এখন চাইল্ড কার্ডের মতো আধুনিক ব্যবস্থাপনা ব্যবহার করা হয়েছে। সর্বোপরি একালের ডুয়ার্স উৎসবের আধুনিক মনোমুগ্ধকর পরিবেশ উৎসবের মানকে বিশ্ব সংস্কৃতির অভিজাত্যে প্রতিষ্ঠিত করেছে।

কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’

মহাভারতে অর্জুন পুত্র অভিমন্যু চক্রবূহ্যের মধ্যে আটকে পড়েছিলেন, সেখান থেকে বেরিয়ে আসার পথ তিনি খুঁজে পাননি, কিন্তু ডুয়ার্স উৎসবের চারিদিকে বেষ্টন করা থাকলেও উৎসবের ভিড়ে, সংস্কৃতির ছোঁয়ায় মানুষ এক অজানা লোকে পৌঁছে যায়, বেরিয়ে আসে প্রশান্ত হৃদয় নিয়ে। মূল উৎসবের তিনটি দ্বার, যেখানে অগণিত মানুষের সমাগম এক ভিন্ন মাত্ৰা যোগ করে। প্রধানত উৎসব ১০দিন ব্যাপী চললেও গত দু-বছর ধরে উৎসবের দিন সংখ্যা ১২ দিন করা হয়েছে, এর অন্যতম কারণ উৎসবমুখর আলিপুরদুয়ারবাসী। প্রত্যেক আলিপুরদুয়ারবাসীর কাছে এ উৎসব শুধু উৎসব নয়, অনুভূতি, আবেগ, ভালোবাসার বন্ধন। এক বছরের জন্য উৎসবের সমাপ্তি, পরের বছরের জন্য অপেক্ষার প্রহর গণনা শুরু করে আলিপুরদুয়ারবাসী।

মূল উৎসবের প্রাঙ্গনে তিনটি বৃহৎ মঞ্চ স্থাপন করা হয়। একটি মূল মঞ্চ—যেখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থেকে শুরু করে সন্ধ্যায় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় শিল্পীদের পাশাপাশি মুম্বাই-কলকাতার জনপ্রিয় শিল্পীদের অনুষ্ঠান পরিবেশন হয়ে থাকে। দ্বিতীয় লোকমঞ্চ—যেখানে বৈচিত্র্যময় আদিবাসী নৃত্য, লোকসংগীত, লোকনৃত্য ( যেমন—রাভা, ওঁরাও, টোটো) বিভিন্ন জনজাতির মানুষের সক্রিয় অংশগ্রহণ উত্তরবঙ্গের সংস্কৃতিকে বিশ্ব সংস্কৃতির দরবারে প্রতিস্থাপন করে। তৃতীয়—শিশু-কিশোর মঞ্চ, যেখানে শিশু-কিশোরদের বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা, স্থানীয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ উৎসবের পরিবেশকে এক অন্য জগতে নিয়ে যায়।

উৎসবের মাঠে বিভিন্ন হস্তশিল্প ও স্থানীয় খাবারের স্টল বসে। এখানে ডুয়ার্সের চা শিল্প ও স্থানীয় কারুশিল্পের প্রদর্শনী হয়। বিভিন্ন খাবারের স্টল থেকে খাবারের স্বাদ উপভোগ করার জন্য হাজারও পর্যটকের সমাগম হয় উৎসবের মাঠে। প্রতিবেশী দেশ ভুটান, নেপাল থেকে অনেক সময় বিভিন্ন স্টল অংশ নেয়, যা উৎসবের আন্তর্জাতিক রূপ প্রদান করে। মূল মঞ্চ থেকে কিছুটা দূরে টক-শো সেমিনারের আয়োজন করা হয়, যেখানে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে উৎসব প্রিয় বাঙালির মেধাকে একবার ঝালিয়ে নেওয়া হয়। লোকমঞ্চের পাশে অনেকদূর বিস্তৃত এক্সপো মেলার আয়োজন হয়ে থাকে, যেখানে হরেক রকমের দোকানের পসরা আলিপুরদুয়ারবাসীর কাছে উদ্দীপনা সৃষ্টি করে।

এই উৎসবের সময়ে ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলো যেমন—জলদাপাড়া, গরুমারা, বক্সা ব্যাঘ্র প্রকল্প ভ্রমণ এবং স্থানীয় সংস্কৃতি উপভোগ করতে প্রচুর পর্যটক আসেন। এ সময়ে হোটেল ও পর্যটন খাতে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকে।

ডুয়ার্স উৎসব শুধু বিনোদন নয়, এটি স্থানীয় অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। এই উৎসবের মাধ্যমে হাজার হাজার পর্যটক ডুয়ার্সে আসেন, যা স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধিতে সাহায্য করে। এ ছাড়া প্রত্যেক ব্যবসায়ী মানুষ, দরিদ্র খেটে খাওয়া মানুষ এই উৎসবের মাধ্যমে কিছুটা লাভের মুখ দেখেন। তাই ডুয়ার্স শুধু উৎসব নয়, এটি সাধারণ শ্রমজীবী মানুষদের বেঁচে থাকার রসদ।

ডুয়ার্স উৎসব প্রকৃতির সৌন্দর্য ও মানুষের সংস্কৃতির একটি সুন্দর মিশ্রণ। এই উৎসব স্থানীয় মানুষের গর্ব এবং উত্তরবঙ্গের পর্যটন শিল্পের একটি বড়ো সম্পদ। উৎসবের পরিবেশে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ প্রশাসনের সদর্থক ভূমিকা কোনোমতেই অস্বীকার করা যায় না। তবে উৎসব শুধু তোমাতে বা আমাতে যেন সীমাবদ্ধ না থাকে, সকলের সমবেত চেষ্টা, ঐক্য, দায়িত্ববোধে উৎসবের সার্থকতা। এই উৎসবে হারিয়ে যাওয়া লোকশিল্প ও সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলে। এটি কেবল উৎসব নয়, বরং ডুয়ার্সের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে মিলনের সেতু হিসেবে কাজ করে। সংকীর্ণতা মানব জাতির কাছে ধ্বংসাত্মক রূপ ধারণ করে, উৎসব যাতে কোনো সংকীর্ণতার বশবর্তী না হয় সেটি লক্ষ্য রাখা উৎসব প্রিয় বাঙালির প্রধান কর্তব্য। উৎসবের প্রাণ এবং মান উভয়ই যাতে বজায় থাকে এবং আলিপুরদুয়ারবাসীর কাছে ডুয়ার্স উৎসব যেন প্রতি বছর নব- নব রূপে ধরা দেয়, সাথে উত্তরবঙ্গের আভিজাত্যকে যাতে কোনো মতেই বিনষ্ট না করা হয় সেদিকে লক্ষ্য রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য।


কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন


এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।

লেখক

বিশ্বজিৎ দত্ত বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। বর্তমানে গৃহশিক্ষকতা করেন এবং একটি স্কুলে শিক্ষক হিসেবে নিযুক্ত। ভালোবাসেন লেখালেখি করতে এবং বই পড়তে।

অন্যান্য লেখা